অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’ পাস হয়ে গেলে বাংলাদেশের ক্রিকেটে নেমে আসবে অন্ধকার। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কোনো খবরদারি থাকবে না। বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তা বনে যাবে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড।
ক্রিকেট বিশ্বের এই শক্তিশালী তিনটি দেশে তাদের প্রস্তাবনায় বলেছে,তারা টেস্ট র্যাযকিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবে না। এ  অবস্থায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার বিকালে এক বার্তায় হতাশা প্রকাশ করে তিনি বলেন,২০০০ সালে অনেক কষ্টে আমরা টেস্ট মর্যাদা লাভ করেছি। অথচ এখন সেই মর্যাদা কেড়ে নেয়া হচ্ছে। তাতে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সায় দিচ্ছে।
সাম্প্রতিক ঘটনার সুরাহা করতে গত বৃহস্পতিবার বোর্ড মিটিং করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বোর্ড পরিচালকরা তাদের প্রস্তাবনা পেশ করেন। বৈঠকে উপস্থিত ২৩ জন পরিচালকের মধ্যে ২০ জনই তিন ক্রিকেট পরাশক্তির পক্ষে সায় দিয়েছেন। দেশের ক্রিকেটের ক্ষতি হবে জেনেও বোর্ড পরিচালকের সম্মতি প্রকাশ করার কারণেই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।  
সাবের হোসেন চৌধুরী বলেন, বিশ্বের টেস্ট খেলুড়ে দেশগুলো যদি আমাদের সঙ্গে টেস্ট ক্রিকেট না খেলে তাহলে আমাদের টেস্ট স্ট্যাটাস থাকবে কি করে? এমনটি হলে আমরা আমাদের টেস্ট মর্যাদা হারাবো।
তিনি বলেন, এবিষয়টি নিয়ে ইতোমধ্যেই অনীহা প্রকাশ করেছে দক্ষিন আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও উচিত এবিষয়টির জন্য লড়াই করা। না হয় মাঠে নামার আগেই হেরে যেতে হবে আমাদের।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর/এফএ[/b]