আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাবর আজমরা।

হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই উদ্বোধনী দিনে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে। দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত পৌডেলের নেতৃত্বাধীন দলটি। তবে বড় প্রতিপক্ষের সামনে ভীত নন নেপাল অধিনায়ক। জানালেন, যোগ্য দল হিসেবেই এবারের এশিয়া কাপে এসেছেন তারা।

শুধু এশিয়া কাপই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম পর্যায়ে নেপালের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ বলে প্রতিপক্ষকে ছোট করে দেখতে রাজি নয় পাকিস্তানিরা। যে কারণে নেপালের মত দলের বিপক্ষেও শক্তিশালী একাদশ গঠন করেছে তারা।

উইকেট অনেক শুকনো। ব্যাটে রান আসবে। এ কারণেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে নেপাল অধিনায়ক রোহিত পাডৌলে বলেন, এশিয়া কাপ খেলতে আসতে পেরেছে, এ কারণে তার দেশ এবং খেলোয়াড়রা বেশ আনন্দিত। খেলাটাকে উপভোগ করতে চান তারা।

পাকিস্তান একাদশ-

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

নেপালের প্রথম একাদশ-

কুশল বুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দিপ লামিচানে এবং ললিত রাজবংশি।

এমবি