শনিবার অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। তবে দ্বিতীয় কোয়ার্টার থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

ম্যাচের ২০তম মিনিটে কনা আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যবধান বাড়ায় দলটি। এ সময় নাদিরা ইমা ও আইরিন আক্তার দুটি করে গোল করেন।

শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। পেনাল্টি কর্নার থেকে ৫১ ও ৫৭তম মিনিটে পরপর দুই গোল করে দলের জয় আরও বড় করেন সারিকা রিমন।

ম্যাচে সারিকা রিমন, নাদিরা ইমা ও আইরিন আক্তার দুটি করে গোল করেন। অপর গোলটি আসে কনা আক্তারের স্টিক থেকে।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দলের এটি দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। এবার প্রথম ম্যাচেই বড় জয় পেয়ে আত্মবিশ্বাসের জানান দিল দলটি।

চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার পাকিস্তানের বিপক্ষে। চাইনিজ তাইপের বিপক্ষে পাওয়া বড় জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সেই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এনএইচ