চট্টগ্রাম টেস্টের জন্য প্রথমে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। পরে সাদমান ইসলামকে যুক্ত করে ১৪ সদস্যের দল গঠন করা হয়। কিন্তু বৃহস্পতিবার টসের পর প্রেসবক্সে যে তালিকা পাঠানো হয়, তাতে দেখা যায় টাইগারদের স্কোয়াড হয়ে গেছে ১৫ জনে।

আগে বিসিবি যে ১৪ জনের দল দিয়েছিল, সেখান থেকে একাদশের বাইরে আছেন আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। কিন্তু এদিন ১৫তম খেলোয়াড় হিসেবে যুক্ত হয় শাখাওয়াত হোসেন সাইমনের নাম। কিন্তু কে এই শাখাওয়াত? কেনই বা হঠাৎ করে যুক্ত করা হলো চট্টগ্রামের টেস্ট স্কোয়াডে?

জানা গেছে, চট্টগ্রামের ছেলে শাখাওয়াত খেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। চলটি টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে তাকে। উদ্দেশ্য খেলোয়াড়দের সহায়তা করা। তালিকায় নাম থাকায় বদলি হিসেবে ফিল্ডিং করতে পারবেন শাখাওয়াত। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে নামতে পারবেন মাঠেও।

এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নতুন হলেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে এমন ঘটনা নিয়মিতই ঘটে। ১৯ বছর বয়সী শাখাওয়াত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। ঘরোয়া ক্রিকেটে সাতটি প্রথম শ্রেণির ম্যাচের পাশাপাশি ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।