ওয়ালটন এয়ার কন্ডিশন প্রথম বিভাগ ভলিবল লিগ শুরু হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে উত্তরা ও ইস্ট এন্ড বয়েজ।
প্রথম ম্যাচে ৩-০ সেটে উত্তরা এসসি ২৫-৭, ২৫-১৪ ও ২৫-২৩ পয়েন্টে পরাজিত করে মাদারটেক মিতালী সংঘকে। অপর খেলায় বাংলাদেশ জেলকে ৩-২ সেটে হারায় ইস্ট এন্ড বয়েজ। ইস্ট এন্ড বয়েজ ১৭-২৫, ২৫-১৬, ২৫-২০, ২৫-১৬ ও ১৫-১৩ পয়েন্টে জয় নিশ্চিত করে।
শুক্রবার বিকেলে মুখোমুখি হবে নবজাগরণী সংঘ ও স্বাবলম্বী সোসাইটি এবং ভাই ভাই সংঘ ও ইস্ট এন্ড বয়েজ।
পল্টন ভলিবল মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক, ফরেন ট্রেড মনিটোরিং(আরবি গ্রুপ)। এছাড়া ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৫জুন (টাইমনিউজবিডি) //জেডআই