ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। স্বাগতিকরা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ একাদশে হাসান মাহমুদের পরিবর্তে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রথম ম্যাচে সবচেয়ে খরুচে ছিলেন ডানহাতি পেসার হাসান। ৪ ওভার ২ বল করে ৪৯ রান দিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের দুইটি উইকেটের মধ্যে শিকার করেছিলেন একটি।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না রস টেলর। পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন তিনি।
সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। চার উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেও রয়েছে ব্ল্যাকক্যাপসের দারুণ রেকর্ড। এ মাঠে দশ ম্যাচের নয়টিতেই জিতেছে তারা।বিডিক্রিকটাইম
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস , ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল সান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ , মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
এমবি





