চ্যাম্পিয়ন্স লিগে শেষ-১৬'র লড়াইয়ে ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে হেরে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আর দ্বিতীয় লেগে বার্সার মাঠে জয় পাওয়াটা তাদের জন্য ছিল একটি স্বপ্ন। সেই স্বপ্নটি আর সত্য হলো না। বুধবার রাতে মেসিদের কাছে ২-১ গোলে হেরেছে তারা। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ইংলিশ ক্লাবটি। বিপরীতে দুই লেগ মিলে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পের মাঠে সহজেই গোলের দেখা পায়নি স্বাগতিক দল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোলের সূচনা করলেও ভিনসেন্ট কোম্পানির গোলে সমতায় ফেরে ম্যানসিটি। কিন্তু যোগ করা সময়ে গোল করে কাতালানদের জয় নিশ্চিত করে দানি আলভেজ।
চ্যাম্পিয়ন্স লিগে ২০০৬/০৭ মৌসুমের পর থেকে কোনো কোয়ার্টার ফাইনাল মিস করেনি বার্সেলোনা। এর আগে শেষ-১৬'র প্রথম লেগে ৩৪ বার জয় পেয়ে ৩২ বারই শেষ আটে খেলেছিল কাতালান ক্লাবটি। ফলে জয়ের ধারাটি অব্যাহত রাখতে বার্সা কোচ জেরার্ডো মার্টিনোর কাঁধে বেশ চাপ ছিল। তাই মেসি ও নেইমারের সঙ্গে একাদশে রেখেছিলেন ইনিয়েস্তা, ফেব্রিগাস ও জাভিকে। তবুও প্রথমার্ধে কোনো গোলের দেখা পাননি তারা।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান মেসি। এবারও সফলতার মুখ দেখেননি তিনি। তবে খেলার ৬৭ মিনিটে সফরকারী গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এই তারকা।
খেলার ৭৮ মিনিটে ম্যানসিটি ডিফেন্ডার পাবলো জাবালেতা দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন। দলনেতা কোম্পানি ৮৯ মিনিটে দলকে সমতায় ফেরান। কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে পারেননি ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ৯০+১ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেন দানি আলভেজ।