স্পেনের লা লিগায় লিওনেল মেসি পেনাল্টি মিস করেছে। তুবুও জয় পেতে কোনো সমস্যা হয়নি বার্সেলোনার। এই একটি মিস বাদে সারা ম্যাচে দাপিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই লেভান্তেকে ৫-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে টানা চতুর্থ জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি এনরিকের দলের।
লেভান্তের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বার্সা। ৩৪ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়েছে সফরকারীরা। মেসির বানিয়ে দেওয়া বলে গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছে বার্সা। এবার জালে বল জড়িয়েছেন রাকিটিচ।
তবে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও আক্ষেপ থাকবে বার্সার। কারণ ব্যবধান আরও বাড়তে পারত। ৪২ মিনিটে পেনাল্টি মিস করেছেন মেসি। প্রতিপক্ষের বিপদসীমার মধ্যে মেসিকে বাধা দেওয়ায় সরাসরি লালকার্ড দেখেছিলেন ভিনট্রা। আর বার্সা পেয়েছিল পেনাল্টি। কিন্তু গোল কারিগর মেসির স্পট কিক গেছে ক্রসবারের অনেক উপর দিয়ে।
পেনাল্টি মিস হলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। দ্বিতীয়ার্ধে নেইমারের বদলে খেলতে নামা সান্ড্রো রামিরেসের গোলের উৎস ছিলেন তিনি। তার পাস থেকেই গোল করেছেন রামিরেস। ৬৪ মিনিটে ব্যবধান ৪-০ তে উন্নীত করেছে বার্সা। এবার গোল করেছেন পেদ্রো। তারপরও গোলের ক্ষুদা মেটেনি কাতালনাদের। শেষ দিকে আরেকটি গোল করেছে বার্সা। ৭৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষবারের মতো বল পাঠিয়েছেন মেসি। এ জয়ে বড় ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে সফরকারীরা।
এদিকে সেভিয়া ৩-১ গোলে কর্ডোভাকে, ভিয়ারিয়াল ৪-২ গোলে রায়ো ভায়াকানোকে এবং আলমেরিয়া ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদাকে। আর ২-২ গোলে ড্র হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও সেলটা ভিগোর মধ্যকার ম্যাচ।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





