অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে বিদেশের লিগে খেলতে মাঠে নামলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। বিগ ব্যাশের লড়াইয়ে তার প্রথম ম্যাচেই জয় পেয়েছে তাকে দলে নেয়া ক্লাব মেলবোর্ন রেনেগাডস।

বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে স্বাগতিক হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৩৭ রানে জয় পেয়েছে মেলবোর্ন রেনেগাডস।

আগের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১১২ রানে হেরেছিল রেনেগাডস। কিন্তু সাকিবের যোগ দেয়া ম্যাচটিতে জয় পেল ক্লাবটি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময় ১৬৩ রান করে মেলবোর্ন রেনেগাডস। জবাবে মাত্র ১৯.২ ওভারে ১২৬ রানে অল আউট হয়ে যায় হোবার্ট।

ব্যাট হাতে বড় স্কোর করতে পারেননি বাংলাদেশের সাকিব। ১২ বলে দুটি চারের সুবাদে মাত্র ১৪ রান করেন তিনি।

তবে দলের পক্ষে মাত্র দুই জন ব্যাটসম্যান সাকিবের চেয়ে বেশি স্কোর করেন। বেন স্টোকস ৭৭ ও ফার্গুসন ৩১ রান করেন।

এদিকে প্রতিপক্ষকে অল আউট করতে ভূমিকা রাখেন অল রাউন্ডার সাকিব। চার ওভার বল করে দুটি উইকেট নেন তিনি। এছাড়া মেলবোর্নের পক্ষে নিকোলাস উইন্টার তিনটি, পিটার সিডল ও ফাওয়াদ আহমেদ দুটি করে উইকেট পান।

জেডআই