বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি হিসেবে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই। স্থানীয় সময় বিকাল ৫টায় প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
শ্রীলংকার চলতি সফর শুরু হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। ঢাকার মিরপুরে প্রথম টেস্টে একদিন হাতে থাকতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মাটিতে শামসুর রহমান ও ইমরুল কায়েসের পর মুমিনুল হকের সেঞ্চুরিতে ম্যাচটি ড্র করেছে স্বাগতিকরা।
এবার সেই চট্টগ্রামের মাটিতে টি-টোয়েন্টি লড়াইয়ে বেশ আশাবাদী বাংলাদেশ। তবে শ্রীলংকার মতো শক্তিশালী দলের সঙ্গে কতটা লড়তে পারবে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তাতে একবারও জয়ের মুখ দেখেনি তারা। এমনকি ড্রও করতে পারেনি।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে ৬৪ রানের বড় ব্যবধানে হারে তারা। এরপর ২০ ওভারের এই লড়াইয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি হয়নি দল দুটি।
২০১৩ সালে শ্রীলংকা সফরে একমাত্র টি-টোয়েন্টিতে ফের মাঠে নামে শ্রীলংকা ও বাংলাদেশ। ম্যাচটিতে স্বাগতিকরা জয় পেলেও বাংলাদেশ প্রমাণ করেছে তার কম পরিপক্ক নয়। পাল্লেকেলের মাঠে সিংহদের পাঁচ উইকেটে ১৯৮ রানের জবাবে সাত উইকেটের বিনিময় ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা।
এই ম্যাচটিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম দলে নেই। ফলে এটা স্বাগতিকদের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিপরীতে শ্রীলংকা দলে কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের মতো তারকারা রয়েছেন। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার প্রতীক্ষায়..
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মাহমুদুল্লাহ, সোহাগ গাজী, আল আমিন হোসাইন, রুবেল হোসাইন, সাব্বির রহমান, এনামুল হক, ফরহাদ রেজা, মিথুন আলী ও আরাফাত সানি।
শ্রীলংকা টি-টোয়েন্টি দল: দিনেশ চান্দিমল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরাঙ্গা লাকমাল, অজান্তা মেন্ডিস, কুসল পেরেরা, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলসেকারা, অ্যাঞ্জেলো পেরেরা, থিসারা পেরেরা, সীক্কুগে প্রসন্ন ও সচিত্রা সেনানায়েকে।