ক্রিকেট মাঠে ফিরে রামন লাম্বা, ফিল হিউজেস, অঙ্কিত কেশরীর স্মৃতি। ফের মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেটার। এবার চোট পেলেন শ্রীলঙ্কার ওপেনার কৌশল সিলভা।
পাল্লেকেলে-তে শ্রীলঙ্কা টিমের প্র্যাকটিস চলছিল। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন কৌশল। দীনেশ চান্ডিমলের সুইপ করা বল সজোরে লাগে কৌশলের মাথার পিছনে।
তবে কৌশলকে এ যাত্রায় বাঁচিয়ে দেয় অত্যাধুনিক প্রযুক্তির হেলমেট। ফিল হিউজেস-এর মৃত্যুর পরেই এই ধরনের হেলমেট বেরিয়েছিল। মাথার ঠিক যে অংশের চোট হিউজেসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গাটি ঢেকে দেওয়া হয় নয়া হেলমেটে। কৌশলের হেলমেটের সেই জায়গাতেই বল এসে লাগে।
কৌশলকে প্রাথমিকভাবে ক্যান্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্ক্যান রিপোর্ট দেখার পরে নিয়ে যাওয়া হয় কলম্বোয়। কলম্বোর হাসপাতালের তরফে জানানো হয়েছে, কৌশলের কোনও বিপদ নেই। আপাতত বেশ ভাল আছেন তিনি।
এমই





