একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট ম্যাচে দিন দিন ব্যাটসম্যানদের দাপট বেড়ে যাচ্ছে। এখন সেঞ্চুরি করা যেন যেমন-তেমন ব্যাপার। সেই সঙ্গে ডাবল সেঞ্চুরিও দেখা যাচ্ছে অহরহ। চলতি বিশ্বকাপেই দুটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব।
১৯৭১ সালে সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ৩৯ বছর পার হলেও একটি ডাবল সেঞ্চুরি করতে পারেনি কোনো ব্যাটসম্যান। যেখানে গত ছয় বছরে ছয়টি ডাবল সেঞ্চুরি হয়েছে।
ওয়ানডেতে সর্বপ্রথম ডাবল সেঞ্চিুরি করেন ভারতীয় ব্যাটসমস্যান শচীন টেন্ডুলকার। ২০১০ সালে গালিওরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
এক বছর পর ২০১১ সালে ইনডোরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন আরেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। শচীনের রেকর্ড ভেঙে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেন তিনি।
২০১৩ ও ২০১৪ সালে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন ভারতের রোহিত শর্মা। ব্যাঙ্গালুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করে আউট হন তিনি। আর কোলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করে আউট হন তিনি। এটিই ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
২০১৫ সালে দুটি ডাবল সেঞ্চুরি হয়েছে। তাও আবার বিশ্বকাপে। গ্রুপ পর্বের লড়াইয়ে ক্যানবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। বিশ্বকাপে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি। ২১৫ রান করে আউট হন তিনি।
তবে একই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ডাবল সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়েলিংটনের ২৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
জেডআই





