বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন পদত্যাগ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অসুস্থতার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ফলে জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি কর্মকর্তারা।
এ ব্যাপারে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন,‘সভা শুরুর ৫ মিনিট আগে আমি চিঠি পেয়েছি, ওখানে পদত্যাগপত্রও ছিল। বোর্ড সভায় আমাদের সভাপতি ছিলেন না তাই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি।’
কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন জার্গেনসেন এমন প্রশ্নে আকরাম খান বলেছেন,‘শেন মিডিয়াতে দেখেছে কিছু কিছু পরিচালক তাকে দলে কোচ হিসেবে না রাখার বিষয়ে কথা বলেছেন। কিন্তু অফিসিয়ালি আমাদের সঙ্গে এ ধরনের কথা হয়নি। দলে যখন পারফরমেন্স বাজে হয়,তখন অনেক কথাই উঠে এটা স্বাভাবিক।’
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন জার্গেনসেন। এর আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধীনে থাকা বাংলাদেশ দল ভালো পারফরম্যান্স করেছিল।
তবে সম্প্রতি তার অধীনে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সফলতার খাতায় ছিল শুধু চট্টগ্রাম টেস্ট ড্র করা। এরপর এশিয়া কাপে সবাইকে অবাক করিয়ে নবাগত আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল। এশিয়া এই প্রতিযোগীতায় ৪টি ম্যাচেই হেরেছিল মুশফিকরা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছিল। হেরেছিল হংকংয়ের কাছে। রান রেটের মার-প্যাঁচে সুপার টেন-পর্বে খেলার সুযোগ পেলেও কোনো ম্যাচে জয় পায়নি স্বাগতিকরা। ফলে খেলেয়োড়দের পাশাপাশি কোচের ওপরও দোষ চাপে। এ জন্য ২০১৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তার আগেই পদত্যাগ করেছেন কোচ জার্গেসেন।