দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি। আর পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে যেন সেই অসম্ভবকে সম্ভব করার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এতে বড় অবদান রাখেন ওপেনার এনামুল। কিন্তু সেঞ্চুরি পূর্ণ করেই মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছে বা্ংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক (৩২) ও মুশফিকুর রহিম (০)।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে যেন উজ্জীবিত স্বাগতিকরা। হাফ-সেঞ্চুরি পার করেছেন উদ্বোধনী জুটির এনামুল ও ইমরুল কায়েস। সেই সঙ্গে ওপেনিং জুটিতে আগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৩৭ রান পার করেন তারা। কিন্তু ৫৯ রান করে ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ায় ১৫০ রানে তাদের জুটি ভেঙে যায়। ফলে মাত্র ২‌১ রানের জন্য শাহরিয়ার হোসাইন ও মেহরাব হোসাইনের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ভাঙ্গতে পারেনি তারা। তবে এই জুটিটি বাংলাদেশের সর্বোচ্চ রানের অষ্টম জুটি।
ইমরুল কায়েস আউট হলেও ওয়ানডাউনে নামা মুমিনুল হকের সঙ্গে দলের রানের চাকা সচল রেখেছেন ওপেনার এনামুল হক। সেই সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ২০১২ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার। কিন্তু সেঞ্চুরির পরই সাঈদ আজমলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আহমেদ শেহজাদের তালুবন্দী হন তিনি। মাঠ ছাড়ার আগে ১৩২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান করেন তিনি।