রোববার গভীর রাতে টানা তিনবার ইউরোপা লিগের শিরোপা জেতায় উজ্জীবিত সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোপা দেল রের শিরোপা জিতেছে কাতালান শিবির। গতবার ট্রেবল জিতেছিল বার্সা, এবার দ্বিমুকুট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লুইস এনরিক শিবিরকে।

নির্ধারিত সময়ের প্রথমার্ধে দশ জনের দলে পরিণত হয় বার্সা। আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাশচেরানোকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচের ৩৬ মিনিটের পর দশ জন নিয়ে খেলতে থাকে কাতালানরা।

নির্ধারিত সময়ের খেলা শেষের আগ মুহূর্তে দশজনের দলে পরিনত হয় সেভিয়াও। দলের আর্জেন্টাইন তারকা এভার বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে, দুই দলের কেউই তখনো গোলের দেখা পায়নি। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচের ৯৭তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। কাতালানরা লিড নেয়। মেসির অ্যাসিস্ট থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন জরদি আলবা।

খেলার অতিরিক্ত সময়ে (১২১ মিনিট) লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় সেভিয়ার ড্যানিয়েল মার্টিনসকে। পরের মিনিটেই গোল করেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবারো দলের গোল অ্যাসিস্ট করেন মেসি।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের ব্যবধানে জিতে বার্সা ।
এসএম