বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজে ছিল ব্যাটসম্যানদের দাপট। বোলারদেরকে বেধড়ক পিটিয়ে করেছেন বড় রানের ইনিংস। দেখা নেয়া যাক সিরিজের সেরা পাঁচটি ইনিংস।

খুলনা ও ঢাকা টেস্টে মোট তিনটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট ভক্তরা। এর মধ্যে ২২৬ রান নিয়ে সেরা ইনিংসের মালিক পাকিস্তানের আযহার আলী। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪২৮ বল মোকাবিলা করে ২০টি চার ও ২টি ছক্কায় খেলেছিলেন ২২৬ রানের ইনিংস।

দ্বিতীয় সেরা ইনিংসটিও পাকিস্তানের ব্যাটসম্যানদের দখলে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২৪ রান করেছিলেন মোহাম্মদ হাফিজ। ৩৩২ বলে ২৩টি চার ও তিনটি ছক্কায় এই স্কোর করেন তিনি।

তাদের পরে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। খুলনার মাটিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করা তামিম করেছিলেন ২০৬ রান। ২৭৮ বলে ১৭টি চার ও ৭টি ছক্কায় এই স্কোর করেন তিনি।

তামিমের পরের স্থানে আছেন সতীর্থ ইমরুল কায়েস। খুলনায় তার সঙ্গে ৩১২ রানের জুটি গড়তে ১৫০ রান করেছিলেন এই বাংলাদেশী ব্যাটসম্যান। ২৪০ বলে ১৬টি চার তিনটি ছক্কায় হাঁকিয়েছিলেন তিনি।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের ইউনিস খানের ইনিংসটি ১৪৮ রানের। ১৯৫ বলে ১১টি চার ও তিনটি ছক্কার মার মেরেছিলেন তিনি।

জেডআই