চট্টগ্রাম টেস্টে নিজেরা সুবিধাজনক স্থানে ছিলেন বলে দাবি করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।তার বিশ্বাস, খেলা হলে তারা এই ম্যাচে জয় পেতেন।

টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।ফলে ড্রয়ে শেষ হয়েছে দু'ম্যাচ সিরিজের প্রথমটি।

শনিবার সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়ে মুশফিক বলেন, "আমরা ভেবেছিলাম, খেলা হলে আমরা জিততে পারি।এমনটা না ভাবার কোনো কারণ নাই।বিশ্বের সেরা দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নেয়ার পর এটা খুবই স্বাভাবিক।"

তিনি আরো বলেন, "আমরা যদি শুরুতে দু-একটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। সবাই জানে যে দক্ষিণ আফ্রিকা চাপের মধ্যে কি করে। সেটা আমাদেরও মনে ছিল। আমরা এটাও জানতাম যে এমন সুযোগ বার বার আসে না। আমরা খুবই আশাবাদী ছিলাম যে, যদি আমরা আমাদের দক্ষতা ভালো ভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা জিততে পারতাম।"

আগামী বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।সেই ম্যাচে চট্টগ্রাম টেস্টের ইতিবাচক দিকগুলো নিয়ে যেতে চান অধিনায়ক।

“এই প্রথম তাদের বিপক্ষে তিনশ' রান করা; ওদেরকে কম রানে অলআউট করা, প্রথম ইনিংসে লিড নেওয়া।বড় রান না করলেও যে যে যার যার অবস্থান থেকে অবদান রেখেছে।তরুণরা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভালো খেলেছে।সব মিলিয়ে দলগত পারফরম্যান্স হয়েছে।ঢাকা টেস্টে এই আত্মবিশ্বাস কাজে দিবে।”

জেডআই