ছোট্ট এক শরীর, তার এত দাপট! কথাটা শুধু মুমিনুলের ক্ষেত্রেই মানায়। মানাতে তো হবেই।

কারণ বৃহস্পতিবার যা করে দেখালেন তাতে গর্বে বুক উঁচু হতেই পারে মুমিনুলের! বৃহস্পতিবার টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কক্সবাজারের এই তারকা। রানের এই মাইলফলক স্পর্শ করতে ২১ ইনিংস খেলেন তিনি। দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন মুমিনুল।

পাশাপাশি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। এই দুই কিংবদন্তি টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে ২১টি ইনিংস খেলেছিলেন। 

সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ও মুমিনুল ছাড়াও আরো ১৩ টেস্ট ক্রিকেটার ২১ ইনিংসে ১ হাজার রান তোলেন। এদের মধ্যে বর্তমানে খেলছেন শুধু জেসি রাইডার। এ ছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলভিন কালীচরণ, অস্ট্রেলিয়ার বিল লাওরি ও ওয়ারেন ব্রাডসলে, ইংল্যান্ডের ফিল মেড ও এডি পেন্টার।

খুলনা টেস্টের আগে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে ৭০ রানের প্রয়োজন ছিল মুমিনুলের। প্রথম ইনিংসে ৩৫ রান করে রেকর্ডের কাছাকাছি পৌঁছে যান তিনি।

দ্বিতীয় ইনিংসে নাতসাই অ্যামশাংউয়ের বলে এক রান নিয়ে টেস্টে ১ হাজার রান স্পর্শ করেন। মাইলফলক ছুঁতে ১১ টেস্টে ২১ ইনিংস খেলেন তিনি। তিনটি শতকের সঙ্গে ছয়টি অর্ধশতকের মালিক মুমিনুল।

জেআই