ক্যারিয়ারের অনেক ম্যাচ একসঙ্গে শেষ করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী এ দুই ‘ভায়রা’। কিন্তু বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুশফিক-মাহমুদউল্লাহ যা করলেন তা বেদনাদায়কই বটে।

৬ বলে ১১ রানের বিপক্ষে প্রথম ৩ বলে ৯ রান তুলে নেন দুজন। কিন্তু পরবর্তী ২ বলে দুজনই এক জায়গায় এক শট খেলে আউট। এটা কিভাবে সম্ভব? তাদের বিদায়ের পরও জয় পাওয়া যেত। কিন্তু নিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমে শুভাগত বলের সঙ্গে ব্যাটের চুমুও খাওয়াতে ব্যর্থ হলেন।

মাশরাফি ভারতের বিপক্ষে ১ রানে হারের পিছনে এই ৩ বলের কথা বলেছেন। কিন্তু কোনো সতীর্থের উপর দোষ চাপাননি টাইগার অধিনায়ক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,‘আমি কাউকে দায়ী করছি না। আমাদের দিকে সব কিছু আসতে পারত। কিন্তু ওই ৩ বলই আমাদের কাছে আসেনি। বাকি সব ঠিকই ছিল। আমি কাউকে দায়ী করছি না।’

শট না খেলে ক্যালকুলেটিভ রিক্স নিয়ে ম্যাচ জেতাতে পারতেন মাহমুদউল্লাহ-মুশফিক। কিন্তু কিছুই করলেন না। মাশরাফিও যেন একই কথা বললেন,‘ক্যালকুলেটিভ রিক্স নিয়ে খেললে সহজে হয়ে যেত। ফিল্ডার একজনও উপরে ছিল না। সবাই বাইরে ছিল। ওই (মুশফিকের) বলটায় এক হয়ে গেলে হয়ত আমরা ভালো পজিশনে থাকতাম। তখন থেকে ১ হয়ে গেলে আমাদের ২ বলে ১ রান লাগত। ওই অবস্থান ওই সব চিন্তা করলেই ভালো হত। আমরা তা করতে পারিনি।’

এমই