চট্টগ্রাম টেস্টের দুঃখ ভুলে এবার ঢাকা মিশনের প্রস্তুতির পালা বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হারের ধাক্কা সামলে ঘুরে ওঠার মিশন শুরু হয়ে গেছে টাইগারদের। সোমবার সন্ধ্যায় ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। দলে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন পেসার শুভাশিষ রায় ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে ১৪ জনের দল ১৫-তে উন্নীত হয়েছে।

চট্টগ্রাম টেস্টের শেষ দিন সোমবার ২ উইকেট হাতে নিয়ে জয় থেকে ৩৩ রান দূরে ছিল বাংলাদেশ। দারুণ শুরুর পর তিন বলের ব্যবধানে তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম আউট হয়ে যাওয়ায় ২২ রানের জয় দিয়ে উৎসবে মেতে ওঠে ইংলিশ শিবির। অন্যদিকে পরাজয়ের বেদনায় নীল হয় বাংলাদেশ শিবির।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯ ওভারের স্পেলে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শফিউল। ব্যাট হাতে করেন মাত্র ২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকার তাকে আর বোলিংয়েই আনেননি মুশফিক। এবার আউট হন কোনো রান না করেই।

বাংলাদেশের হয়ে এখনো টেস্ট না খেলা হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টির জার্সি পরার সৌভাগ্য হয়েছে মোসাদ্দেকের। ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান করেন এই তরুণ উদীয়মান খেলোয়াড়। সেইসঙ্গে বোলিংয়ে ৫ উইকেটও নেন তিনি। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেকে ১৫ রান করার পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আর খেলা হয়নি মোসাদ্দেকের।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা শুভাশিষ ঘরোয়া ক্রিকেটে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। ২৮.২৭ গড়ে ১৩৬ উইকেট নেন নভেম্বরের শেষ সপ্তাহে ২৮-এ পা দিতে যাওয়া এই ডানহাতি পেসার।

ঢাকা টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, ও শুভাশিষ রায়।

জারিফ