পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সৌম্য সরকার। আর সিরিজে দুই সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছেন তামিম ইকবাল।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সফরকারীদেরকে বাংলাওয়াশ করে টাইগাররা।
ম্যাচটিতে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা সৌম্য সরকার ১১০ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় হার না মানা ১২৭ রান করেন। তার এমন স্কোরে বড় ব্যবধানে জয় পায় টাইগাররা।
এদিকে এই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। দুটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরিতে সিরিজে সর্বোচ্চ রান স্কোরার তিনি।
প্রথম ম্যাচে ১৩২ রান করা তামিম দ্বিতীয় ম্যাচে ১১৬ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় ম্যাচেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৬৪ রান করে এলবিডব্লিউতে মাঠ থেকে বিদায় নেন তিনি।
তবে ৩১২ রান নিয়ে সিরিজে সবচেয়ে বেশি রান তার। ফলে জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
জেডআই





