আগামী ১৬ মার্চ শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদেরকে ১৪৩ রানের লক্ষ্য বেধে দিয়েছে আমিরাত।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক খুররাম খান। টেস্ট খেলুড়ে বাংলাদেশের বোলারদেরকে বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে তার দল।
প্রস্তুতি ম্যাচটিতে ব্যাট হাতে আমিরাতের প্রথম দিকের ব্যাটসম্যানরা ভালোই স্কোর সংগ্রহ করেছিল। ওয়ানডাউনে নামা দলনেতা খুররাম খান সর্বোচ্চ ৪৪ রান করেন। ৩৫ বলে ৬টি চারের সুবাদে এই স্কোর করেন তিনি।
ওপেনার আমজাদ আলী ১৯ রান করলেও উদ্বোধনী জুটির ফাইজান আসিফ মাত্র ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করে আউট হন। এছাড়া শামীম আনোয়ারের ১৯ রানই উল্লেখযোগ্য।
বাংলাদেশের বোলার ফরহাদ রেজার দুটি উইকেট ছাড়া একটি করে উইকেট পান আল আমিন, রুবেল, মাহমুদুল্লাহ ও আব্দুর রাজ্জাক।