হারারের তাকাসিনহা স্পোর্টস ক্লাব মাঠে দাপটের সাথে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু করেছে বাংলাদেশ একাদশ। টাইগারদের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিনেই ৩১৩ রানের পাহাড় দেখতে হয়েছে জিম্বাবুয়ের বোলারদের।
শনিবার (০৩ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অবশ্য ১৬ রানেই হারিয়ে ফেলে প্রথম উইকেট। ৩০ বল মোকাবেলা করেও কোনো রান করতে ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম। তবে আরেক ওপেনার সাইফ হাসান নাজমুল হোসেন শান্তকে নিয়ে চালিয়ে যান শাসন।
দুইজনই স্বেচ্ছায় অবসরে মাঠ ছাড়েন অর্ধশতক নিয়ে। সাইফ ১০৮ বলে ৬৫ ও শান্ত ১০৭ বলে ৫২ রান করেন। উল্লেখ্য, বাউন্ডারি হাঁকাতে পটুতা দেখিয়ে সাইফ হাঁকান ১৩টি চার ও ১টি ছক্কা। ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান শান্ত।
তাদের পর বিধ্বংসী রূপ নেন সাকিব আল হাসান। ওয়ানডে মেজাজে ৪৯ বলে অর্ধশতক পূরণ করার পর লাল বলকেই খেলেন টি-টোয়েন্টির মত। শেষপর্যন্ত ৫৬ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ৭৪ রান করে তিনিও মাঠ ছাড়েন স্বেচ্ছায়। মুমিনুল অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ৭৭ বল খেলে আউট হয়েছেন ২৯ রানে।
এরপর ব্যাটিং অনুশীলন ভালোভাবেই সারা হয়েছে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৮২ বলে ৪টি চারে ৩৭ রান করে লিটন সাজঘরে যান মেহেদী হাসান মিরাজকে ক্রিজে পাঠিয়ে। ১১ বলে ৫ রান করে মিরাজ রয়েছেন অপরাজিত, তার সঙ্গী ৭১ বলে ৪০ রান করা রিয়াদ, যিনি ১৬ মাস পর ফিরেছেন টেস্ট দলে। রিয়াদ অবশ্য শুরু করেছিলেন মারকুটে ভঙ্গিমায়, হাঁকিয়েছেন ৮টি চার।
দিনশেষে নির্ধারিত ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৩ রান। ব্যাট হাতে দাপুটে দিন পার করার পর দ্বিতীয় ও শেষ দিন নিশ্চয়ই বোলিংয়ে মনোযোগী হবে টাইগাররা।বিডিক্রিকটাইম
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ব্রাইট চিপুঙ্গু, তানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, রয় কাইয়া, তাকুযোয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, ব্রায়ান মুদজিঙ্গানিয়ামা, তাপিওয়া মাফুদজা, তারিসাই মুসাকান্দা, ডিওন মেয়ার্স, মিল্টন শুম্বা।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস: বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশ ১ম ইনিংস: ৩১৩/২ (৯০ ওভার)
সাদমান ০ (৩০)
সাইফ ৬৫ (১০৮) – স্বেচ্ছায় অবসর
শান্ত ৫২ (১০৭) – স্বেচ্ছায় অবসর
মুমিনুল ২৯ (৭৭)
সাকিব ৭৪ (৫৬) – স্বেচ্ছায় অবসর
লিটন ৩৭ (৮২) – স্বেচ্ছায় অবসর
রিয়াদ ৪০ (৭১)*
মিরাজ ৫ (১১)*
জংওয়ে ১১-৫-২৩-১
চিপুঙ্গু ৮-১-৩৪-১
এমবি





