বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই ক্রান্তিকালে জাতির ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ক্রিকেট দল একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার চক্রান্ত বাংলাদেশের আত্মমর্যাদা ও গৌরবের প্রতি আঘাত করার শামিল।
বাংলাদেশ ক্রিকেটপ্রেমী জনগণের অনুভূতির প্রতি সহানুভূতি ও একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার বিকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির এ অবস্থানের কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের কষ্টার্জিত টেস্ট স্ট্যাটাস রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি যে, বাংলাদেশ ক্রিকেটের কষ্টার্জিত টেস্ট স্ট্যাটাস হুমকির মুখে ফেলতে সম্প্রতি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিতে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব পাস হলে, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড, আফগানিস্তান, নেদারল্যান্ড এবং কেনিয়ার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে সন্তুষ্ট থাকতে হবে।
বিসিবির সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, এই তুঘলকি প্রস্তাবের কঠোর বিরোধিতা করে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদের অবস্থান ঘোষণা করেছে। অথচ পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ বিসিবি গত ২৩ জানুয়ারি তাদের পরিচালনা পর্ষদের সভায় ভারতীয় বোর্ডের প্রস্তাবের পক্ষে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও বিসিবি সভাপতি বলেছিলেন আইসিসি পুনর্গঠনে দেওয়া ভারতীয় প্রস্তাবে অবস্থা বুঝেই ব্যবস্থা নেবে বিসিবি।’
তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশিদের গর্বের যে অল্প দু-একটি অর্জন রয়েছে তার মধ্যে ক্রিকেট একটি। বাংলাদেশের ক্রিকেট দলের একজন খেলোয়াড় দীর্ঘদিন যাবৎ টেস্ট ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের পদ দখল করে রেখে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। অতি সম্প্রতি নিউজিল্যান্ডের মতো দলও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজে পরাজিত হয়েছে।’
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে দেশের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ আইসিসিতে ওঠা প্রস্তাব এবং বিসিবির নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছে। বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমিকদের এই আন্দোলনকে বন্ধ করার জন্য ২৫ জানুয়ারি বিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, আইসিসি সভায় বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নেবেন।
তিনি বলেন, ‘বিসিবির বোর্ড সভায় নেওয়া লিখিত সিদ্ধান্ত যা আইসিসিতে উপস্থাপন করা হবে, তা দেশের জনসাধারণের কাছে উপস্থাপন না করে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় সমগ্র বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র হতাশা, ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে দলের পক্ষ থেকে দুটি দাবি করা হয়। এগুলো হচ্ছে :
১.আসন্ন আইসিসি সভায় বিসিবির পক্ষ থেকে সরাসরি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবিত দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ম্যাচের নামে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে পুনরায় বোর্ডের সভা ডেকে এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের বিষয় জনসমক্ষে প্রকাশের পাশাপাশি বিসিবির ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে। ।
২.বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস রক্ষায় প্রয়োজনে বিসিবিকে ওই তিন দেশের প্রস্তাবের বিরোধী দেশগুলোকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকা দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ঢাকা, এমএইচ, ২৮ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)// এসআর
খেলা
টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার চক্রান্ত আত্মমর্যাদা ও গৌরবের প্রতি আঘাত :ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই ক্রান্তিকালে জাতির ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ক্রিকেট দল একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার চক্রান্ত বাংলাদেশের আত্মমর্যাদা ও গৌরবের প্রতি আঘাত করার শামিল।





