ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে দাপট দেখানোর পর বোলিংয়েও আধিপত্য বিস্তার করছে।

ক্যারিবীয়দের বড় ইনিংসের বিপরীতে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। দলীয় ১১ রানেই সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে তামিম ইকবালের সঙ্গে বড় জুটি গড়তে ধীর ব্যাট করতে থাকেন অধিনায়ক মুমিনুল হক।

তামিম-মুমিনুলের ৫২ রানের জুটিতে ছেদ করেন রাকিম কর্নওয়াল। ১৪ তম ওভারের শেষ বলে ক্যারিবীয় স্পিনারকে খেলতে গিয়ে জশুয়া ডি সিলভার তালুবন্দি হন মুমিনুল হক। বিদায়ের আগে ৩৯ বলে ২১ করেন টাইগার অধিনায়ক।

এক ওভারের ব্যবধানে তামিম ইকবালও ক্রিজ ছাড়েন। ফিফটির দোরগড়ায় থাকা টাইগার ওপেনার আলজারি জোসেফকে খেলতে গিয়ে শেন মোজলের হাতে তুলে দেন। বিদায়ের আগে ৫২ বলে ৪৪ করেন তিনি।

ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ক্রিজ ছাড়েন সৌম্য সরকার। শ্যানন গ্যাব্রিয়েলের বল খেলতে গিয়ে শেন মোজলের হস্তগত হন সাকিবের পরিবর্তে খেলতে নামা এই বাঁহাতি।

পরের ওভারেই একটি চার হাঁকিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। গ্যাব্রিয়েলের দ্বিতীয় ওভারে এনক্রুমাহ বনারের হাতে বল তুলে দেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার গ্যাব্রিয়েল। এই পেসার ৩১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন কর্নওয়াল ও জোসেফ।

এর আগে ক্যারিবিয়ানদের অলআউট করার পথে তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী দুজনই নেন ৪টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গড়ে ফেলে বড় স্কোর। সেঞ্চুরির কাছাকাছি যাওয়া তিন হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার আগে করেছে ৪০৯ রান।

আস্থার জবাব দিয়ে তাইজুল বোলিং করেছেন ৪৬.২ ওভার। তার বলে গ্যাব্রিয়েলের বিদায়ে অলআউট হয় ক্যারিবিয়ানরা। বাঁহাতি স্পিনার ১০৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্যদিকে চট্টগ্রাম টেস্টে উপেক্ষিত থাকার জবাব রাহী দিয়েছেন ৪ উইকেট তুলে নিয়ে। ২৮ ওভারে তার খরচ ৯৮ রান। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। নাঈম হাসান ২৪ ওভার বল করেও সাফল্য পাননি।

এমবি