শনিবার ঘরের মাঠে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে ম্যাচের শুরুতে গোল করেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল করে টমটম ছোটানোর ইঙ্গিত দেন তিনি। কিন্তু সময় যেতে না যেতেই থেমে যায় রিয়ালের গতি। শেষ মেষ খুড়িয়ে খুড়িয়ে নির্ধারিত ৯০ মিনিট পার করে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল অবশ্য গোল দেওয়ার ভালো কিছু সুযোগও পেয়েছে। কিন্তু গোল করে এগিয়ে যেতে পারেনি তারা। মডরিচের দারুণ এক শট ঠেকান ভায়োকানো গোলরক্ষক। টনি ক্রুসের দেওয়া ফ্রি কিক থেকে রামোস মাথা ছোঁয়ালেও তা লক্ষ্যে থাকেনি। এছাড়া ভাসকেস-বেনজেমা হয়ে ক্রুসের নেওয়া একটি শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়।
ম্যাচে গোলের লক্ষ্যে শট বলতে রিয়ালের ওই চারটিই। এই জয়ে লিগে রিয়ালের ধারা বজায় থাকলেও চ্যাম্পিয়নস লিগ নিয়ে তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আগামী সোমবার হবে ইউরোপ সেরার এই লড়াইয়ের শেষ ষোলোর ড্র। তাতে রিয়ালের সম্ভবনা আছে লিভারপুল, ম্যানইউ, টটেনহ্যামের মুখোমুখি হওয়ার। ধুঁকতে থাকা এই দলের মুখোমুখি হলে ছেড়ে কথা বলবে না তারা।
এমআর





