স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচে বড় জয় পেলো বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল জিম্বাবুয়ে। ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের দল।
এটি ছিল বাংলাদেশের ১০০তম টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টির ১০০তম ম্যাচেও জিতল বাংলাদেশ।
আগামীকাল (২৩ জুলাই) শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। সেই জিম্বাবুয়ের বিপক্ষে শততম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
দুই দলের ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টাইগাররাই। ৪ হারের বিপরীতে ১০ জয় বাংলাদেশের। সামগ্রিক হিসেবে টি-টোয়েন্টিতে গত ১০০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩৩ ম্যাচে ও হেরেছে ৬৫ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২ (মাধেভেরে ২৩, মারুমানি ৭, চাকাভা ৪৩, মায়ার্স ৩৫, রাজা ০, মুসাকান্দা ৬, বার্ল ৪, জঙ্গুয়ে ১৮, মাসাকাদজা ৪*, এনগারাভা ০, মুজারাবানি ৮; সাইফ ৪-০-২৩-০, মুস্তাফিজ ৪-০-৩১-৩, সাকিব ৪-০-২৮-১, শরিফুল ৩-০-১৭-২, মেহেদি ১-০-১৮-০, মাহমুদউল্লাহ ১-০-১৪-০, সৌম্য ২-০-১৮-১)।
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১৫৬/২ (সৌম্য ৫০, নাঈম ৬৬, মাহমুদউল্লাহ ১৫, সোহান ১৬; মুজারবানি ৩.৫-০-২২-০, রিচার্ড ৪-০-৪৬-০, মাধাভেরে ৩-০-২৪-০, সিকান্দার ২-০১৬-০, মাসাকাদজা ৩-০-২০-০)।
ফল: ৮ উইকেটে জয়ী বাংলাদেশ।
ম্যান অব দ্য ম্যাচ : সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।
এমবি





