দক্ষিণ আফ্রিকার দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট ২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সৌম্য সরকার (১) ও মাহমুদুল্লাহ (৪)।

ইনিংসের দ্বিতীয় ও চতুর্থ ওভারে রাবাদার বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন তামিম ও লিটন।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪৬ ওভারে ১৬২ রান সংগ্রহ করতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়।

টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে মুস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ডি কক (২)। সেটি লুফে নিতে ভুল করেননি সাব্বির রহমান।

ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন আমলা। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে সরাসরি তাকে বোল্ড করে দনে রুবেল হোসাইন। ৩৭ বলে মাত্র ২২ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

১৯তম ওভারে নাসিরের হাতে বল তুলে দেন দলনেতা মাশরাফি। প্রথম বলেই রুশোকে বোল্ড করে দিলেন তিনি। মাঠ ছাড়ার আগে মাত্র ৪ রান করেন রুশো।

২৪তম ওভারে বল করতে এসেই উইকেট নিলেন মাহমুদুল্লাহ। তার পঞ্চম বলে মিলারের (৯) দুর্দান্ত ক্যাচ ধরেন মাশরাফি।

২৬তম ওভারে মাহমুদুল্লাহর বলে ডু প্লেসিস নিশ্চিত এলবিডব্লিউ'র ফাঁদে পড়লেও আম্পায়ার অজানা কারণে আউট দেননি। রিভিউ নিলে দেখা যায় মিডল স্টাম্প উড়ে যেত, তারপরও উইকেট বঞ্চিত হয় টাইগাররা।

তবে ২৯তম ওভারে নাসিরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দী হন। ফলে শেষ হয়ে যায় তার ৪১ রানের ইনিংস।

৩১তম ওভারে নাসিরের তৃতীয় বলে বেহারদাইনকে এলবিডব্লিউ আউট দেয়া হলেও রিভিউতে সেটা বাতিল হয়ে যায়। তবে ৩২তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৩ রান করা ডুমিনি।

ক্রিস মরিস মাঠে এসে অন্যদের চেয়ে ভিন্নপথে হাঁটা শুরু করেন। কিন্তু তার মারমুখী ব্যাটিং থেমে যায় রুবেলের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়লে।

অন্যরা নিয়মিত বিরতিতে মাঠ থেকে বিদায় নিলেও ব্যতিক্রম ছিলেন বেহারদেইন। তার ব্যাটেই ভর করে দলীয় স্কোর ১৫০ পার হয়। তবে শেষ পর্যন্ত তাকে টিকতে দেননি মাশরাফি। ৪৬তম ওবারের শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিযে নাসিরের হাতে ক্যাচ আউট হন এই ব্যাটসম্যান। মাঠ ছাড়ার আগে ৪৪ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন তিনি।

বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ও নাসির হোসাইন তিনটি করে উইকেট পান। দুটি উইকেট নেন রুবেল হোসাইন। মাশরাফি ও মাহমুদুল্লাহ নেন বাকি উইকেট দুটি।

জেডআই