দুর্দান্তভাবে লা লিগার চলতি মৌসুম শুরু করেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। টানা কয়েক ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছিল তারা। এল ক্লাসকিতো খেলতে নেমে নিজেদেরকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল মেসিদের। তাতে সফল হয়নি তারা। হেরেছিল সেই ম্যাচে। এবার হারল সেল্টা ভিগোর বিপক্ষে। তাও আবার নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে। শনিবার ১-০ গোলের এই হারের ফলে শীর্ষস্থান হারাল বার্সা।
এদিন ৬৮ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে গোল করে এগিয়ে যায় সেল্টা ভিগো। মেসি, নেইমার দুর্দান্ত কয়েকটি শট করেও সেই গোলটি আর শোধ করেত পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
লিগে ১০ ম্যাচে সাতটি জয়ের বিপরীতে দুটি হার ও একটি ড্রতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। এদিকে সমান ম্যাচে আট জয় ও দুটি হার নিয়ে ২৪ পয়েন্টে শীর্ষ রয়েছে রিয়াল মাদ্রিদ। আর গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
গত সপ্তাহে হারের দু:খ ভুলতে এই ম্যাচে মাঠে নেমেছিল কোচ লুইস এনরিকের শিষ্যরা। সেই সঙ্গে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার স্বপ্ন ছিল মেসির। আর এই ম্যাচের মধ্য দিয়ে বার্সার মাঠে অভিষেক হয়েছে দীর্ঘ দিন ফুটবলে নিষিদ্ধ থাকা লুইজ সুয়ারেজের। অভিষেকটা স্মরণীয় করে রাখতে অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হলো না।
তবে দৈত্য বধ করল ভিগো। তাও আবার সফরকারী হিসেবে। খেলার ৫৫ মিনিটে তাদের জয়সূচক গোলটি করেন লারিভে। শেষ পর্যন্ত এই গোলটি শোধ না করতে পারায় হার নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
জেডআই





