ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ‍সিরিজ শেষ করে ছুটিতে গিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় ১ মাস ছুটি কাটিয়ে সোমবার রাতে ঢাকায় ফিরবেন তিনি। ঢাকায় ফিরেই জাতীয় দলের চলমান ক্যাম্পের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘প্রধান কোচ হাথুরুসিংহে সোমবার রাতে দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে তার সাথে সাকিবের বিষয়ে আলাপ করব। সাকিবকে কিভাবে অনুশীন করানো যায় সে বিষয়ে আলোচনা হবে। উনি চাইলে সাকিবকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করাতে পারেন। না চাইলে আলাদা করাবেন। সাকিব যেহেতু আমাদের বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার। সুতরাং সে বেতন পাবে। ৬ মাস ক্রিকেট খেলতে না পারলেও বোর্ডের সিডিউল অনুযায়ী সাকিবকে অনুশীলনে যোগ দিতে হবে। হাথুরুসিংই সাকিবের অনুশীনের সিদ্ধান্ত নিবেন।’

গত সোমবার সংবাদ মাধ্যমের কাছে সাকিবের শাস্তির বিষয়গুলো তুলে ধরেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন সাকিব। এই শাস্তির সঙ্গে আগামী দেড় বছর অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না তিনি।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ