স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা টনি ক্রুস। রিয়ালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে তার দল-বদলের অর্থ পরিমাণ জানানো হয়নি।
নিজ দেশের ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে নিজ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটিতে যোগ দিলেন ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সাল পর্যন্ত ক্রুসের সঙ্গে চুক্তি করা হয়েছে।
বায়ার্ন মিউনিখ ক্রুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। ক্লাবটির প্রধান কার্ল-হেইঞ্জ বলেছেন, "বায়ার্নে খেলার জন্য টনিকে ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে অনেক দিন কাটিয়েছি ও সাফল্য পেয়েছি। রিয়াল মাদ্রিদে তার সাফল্য কামনা করি ও তার পরিবারের প্রতিও শুভ কামনা রইল।"
ক্রুসকে দলে রাখার জন্য বায়ার্ন অনেক চেষ্টা করেছিল। কিন্তু চুক্তি নবায়ন করার ব্যাপারে একমত হতে পারেনি।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও ক্রুসকে দলে নেয়ার আগ্রহ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে বেছে নিলেন এই তারকা।
হাসনা রোস্টোক যুব অ্যাকডেমিতে থাকতেই সবার নজর কাড়েন ক্রুস। ১৬ বছর বয়সে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দেন। ২০০৭ সালে বায়ার্নের প্রথম শ্রেণীর দলে অভিষেক হওয়ার পর থেকে ১৭০ ম্যাচ খেলেছেন।
২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ধারে বায়ার লেভারকুসেনে খেলেছিলেন তিনি। সাফল্য পেয়েছেন সেখানেও।
অবশেষে ২০১৪ বিশ্বকাপেও চমক দেখিয়েছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে মাত্র ৬৯ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে রেকর্ড গড়েছেন এই তারকা।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





