ক্রিকেটের স্টেডিয়াম হিসেবেই পরিচিত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। তবে আগামী বছর প্রাক মৌসুম ম্যাচের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার এক লক্ষ ধারণ ক্ষমতাসম্পন্ন এ স্টেডিয়ামেই আয়োজন করা হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপ নামের ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।
আগামী বছরের ১৮-২৪ জুলাই অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইতালিয়ান সিরি-আ লিগেরও দল থাকবে। ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান এখানে খেলতে আসার বিষয় জানা গেছে।
গত বছর ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট লিভারপুলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টরির ম্যাচ দেখতে এমসিজিতে ৯৫ হাজার দর্শকের সমাগম হয়েছিল। ম্যাচটিতে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়েছিল। ইউরোপের শীর্ষ দলগুলো আসলে এবার সেই সংখ্যা আরো ছাড়িয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছে।
এ সম্পর্কে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ায় রিয়াল মাদ্রিদের বিপুল সংখ্যক সমর্থক সম্পর্কে আমরা অবগত আছি। তাদের সান্নিধ্যে আসার একটি সুযোগ আমরা পাচ্ছি। একইসাথে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে কিছু দেবার চেষ্টা আমাদের থাকবে।
আগামী বছরের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আটটি দলের খেলার কথা রয়েছে।
জেডআই





