টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’দলের জন্যই এটি ‘মাস্ট উইন ম্যাচ’। ইনিংসের ষষ্ঠ ওভারে মুস্তাফিজের শিকারে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। সপ্তম ওভারে সাকিব এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দেন আরেক ওপেনার শিখর ধাওয়ানকে।
এ রিপোর্ট লেখা অবধি ভারত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ৪৫ রান।
তাসকিন না থাকায় টাইগারদের হয়ে বোলিং শুরু করেন দলপতি মাশরাফি। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ২১ ম্যাচ খেলা শিখর ধাওয়ান এবং ৫৮ ম্যাচ খেলা রোহিত শর্মা। প্রথম ওভারে মাশরাফি ৫ রান দিলেও দ্বিতীয় ওভারে শুভাগত হোম দেন ৪ রান। আল আমিনের করা পরের ওভার থেকে ভারতীয় ওপেনাররা নেন আরও ৮ রান। চতুর্থ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজ, সে ওভারে খরচ হয় ৬ রান। পঞ্চম ওভারে সাকিব খরচ করেন আরও ৪ রান। তবে, মুস্তাফিজের করা ষষ্ঠ ওভারে টিম ইন্ডিয়ার ওপেনাররা তুলে নেন ১৫ রান। তবে, ষষ্ঠ ওভারের শেষ বলে মুস্তাফিজ ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। সাব্বিরের হাতে ধরা পড়ার আগে রোহিত এক চার ও এক ছক্কায় ১৬ বলে করেন ১৮ রান।
পাওয়ার প্লে’তে ভারতের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪২ রান।
সপ্তম ওভারে সাকিব ফেরান শিখর ধাওয়ানকে। এলবির ফাঁদে পড়ে ভারতের এই ওপেনার ফেরার আগে করেন ২২ বলে ২৩ রান।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (২৩ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় ম্যাচটি।
এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে (২১ মার্চ) জয়ের আশা জাগিয়ে হেরে যায় টাইগাররা। এবার মাশরাফিদের সামনে এশিয়া কাপের ফাইনালে হারের ‘প্রতিশোধ’ নেওয়ার চ্যালেঞ্জ!
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে জয়হীন বাংলাদেশ। এর মধ্যে বিশ্বমঞ্চে দু’বারের দেখাতেও ভারতের বিপক্ষে হেরেছে লাল-সবুজরা।
সুপার টেনে গ্রুপ ‘টু’র পয়েন্ট টেবিলে দুই ম্যাচে এক জয়ে চার নম্বরে টিম ইন্ডিয়া। সমান ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ‘ফেভারিট’ ভারতকে হারিয়েই সেমির দৌড়ে টিকে থাকতে চাইছেন মাশরাফি-সাকিবরা। অন্যদিকে, টানা তিন জয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এরপরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।
ওএফ





