বার্সেলোনা কোচ লুইস এনরিকের ভবিষ্যত নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও সেটার অবসান ঘটিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ। তিনি জানিয়েছেন, ন্যু ক্যাম্পেই থাকছেন বার্সাকে ট্রেবল শিরোপা এনে দেয়া কোচ এনরিক।

এনরিকের সঙ্গে বার্সার আরো এক বছর চুক্তির মেয়াদ আছে। কিন্তু ক্লাবটিতে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা ছিল। শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইউরোপের সেরা হয় বার্সা। নিজের অভিষেক মৌসুমে ক্লাবটিকে ট্রেবল এনে দেয়ার পর নিজেই জানিয়েছিলেন তার ভবিষ্যত নিয়ে শঙ্কার কথা। এনরিক বলেছিলেন, "এখনও আমার ভবিষ্যত অনিশ্চিত।"

যাহোক, বার্সা প্রেসিডেন্ট বার্তেমিউ সব শঙ্কার অবসান ঘটালেন। তিনি যতদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন ততদিন ক্লাবের কোচের দায়িত্বে অস্ট্রিয়ান বসকে রাখছেন।

এনরিকের পরামর্শে সেভিয়া তারকা ভিডালের সঙ্গে চুক্তির বিষয় ঘোষণা দেয়ার আগে 'স্পোর্ট'কে বার্সা প্রধান বার্তেমিউ বলেন, "এই মোসুমে তিনি পূর্ণ মার্ক পাওয়ার পরও তার সঙ্গে চুক্তি ভেঙে ফেলার কোনো কারণ নাই।"

গত জানুয়ারিতে রিয়াল সোসিদাদের সঙ্গে হতাশাব্যঞ্জক ফল করার পর ৪৫ বছর বয়সী এনরিকের চাকুরির ভবিষ্যত ফিকে হয়ে যায়। যদিও শেষ পর্যন্ত এনরিকের অধীনেই লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সা।

আসন্ন ক্লাব প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বার্তেমিউ। তিনি জানিয়েছেন যে পুনঃনির্বাচিত হতে পারলে এনরিকের সঙ্গে চুক্তি নবায়ন করবেন। সেই সঙ্গে জুভেন্টাস তারকা পল পোগবাকে দলে নেয়ার গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, "পোগবা জুভেন্টাসের আইকন খেলোয়াড় এবং সেখানে তার চুক্তি রয়েছে। আমরা তার সঙ্গে চুক্তির চেষ্টা করিনি কিন্তু তার উন্নতি ভালোভাবে পর্যবেক্ষণ করছি।"

জেডআই