বরাবরের মতোই ঢাকায় পরিবারের সাথে ঈদ কাটাচ্ছেন তাসকিন আহমেদ। তবে করোনাভাইরাস মহামারী ও ঈদের পরেই শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে এবারের ঈদের আমেজ অন্য সব ক্রিকেটারের মতোই তাসকিনের জন্যও একটু বাড়তি সতর্কতার বিষয়।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেই হোম কোয়ারেন্টিনে ঢুকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই সময়ে কেবল মাঠ ও নিজের বাড়িতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে ক্রিকেটারদের। তাসকিনও তার ব্যতিক্রম না। তবে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছেন এতেই খুশি তিনি।

আগের ঈদগুলোতে কেবল তাসকিন ও তার বাবা থাকলেও গত দুই বছর ধরে তাসকিন নিজেই বাবা। তাই এই সময়ের ঈদ আরও বেশি উপভোগ করেন তিনি। তবে আফসোসের মধ্যে কেবল এখন আর সালামি পান না তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারে এসব জানিয়েছেন তাসকিন।

তাসকিন বলেন, ‘বাবা-মায়ের কাছে আবদার তেমন করা হয় না কিন্তু বাবা-মা শপিং করার জন্য জোর করেন। এবারও জোর করে দিয়েছেন। সবচেয়ে বড় পরিবর্তন এখন কেউ সালামি দেয় না, ওটা আমাকেই দিতে হয়। ঈদ সময়ই অনেক বিশেষ। পরিবারের সাথে ঈদ করছি। আগে শুধু আমি আর বাবা থাকতাম, এখন তো ঈদে আমি নিজেও বাবা। আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে।’

তার ক্যারিয়ারে বাবা-মায়ের অবদান নিয়ে তাসকিন বলেন, ‘আসলে কৃতজ্ঞ বলাও কম হয়ে যাবে আমার বাবা-মায়ের প্রতি আমার৷ কারণ আমার বাবা-মা আমাকে যেভাবে সবসময় পাশে থেকে মানুষ করেছেন এটাই ধন্যবাদ বলে তাদেরকে ছোট করে লাভ নেই। আমার বাবা তো সবসময়ই আমার খেলার সমর্থন দিয়েছেন। ছোট থেকেই যেমন অনেক আদর-যত্ন করে মানুষ করেছেন, এখনও করছেন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ও দীর্ঘজীবী করুক।’বিডিক্রিকটাইম

এমবি