১ কোটি ১৪ লাখ টাকা খরচ করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল সাজিয়েছে জেমকন খুলনা। দলে যেমনি তরুণদের উপস্থিতি আছে, একইভাবে আছেন বড়সড় তারকারাও। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজের দল নিয়ে বেশ আশাবাদী।

পেসারদের মধ্যে দলে আছেন শফিউল ইসলাম ও আল আমিন হোসেনের মত দুই অভিজ্ঞ ক্রিকেটার, আছেন তরুণ হাসান মাহমুদও। সাকিব আল হাসানের পাশাপাশি স্পিন ঘূর্ণি দেখাতে পারবেন লেগি রিশাদ হোসেন।

রিয়াদ বলেন, “দল হিসেবে আমরা দারুণ ভারসাম্যপূর্ণ। শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তরুণ হাসান মাহমুদদের নিয়ে আমাদের দুর্দান্ত একটা বোলিং অ্যাটাক রয়েছে। তারা সামর্থ্যবান, বিগত সময়েও আমরা দেখেছি। সাকিব আল হাসান, রিশাদ হোসেনরাও বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনবে। দল হিসেবে খুলনার বেশ ভালো সুযোগ আছে।”

ব্যাটিংয়ে রিয়াদ-সাকিব ছাড়াও আছেন মরুল কায়েস, জহুরুল ইসলাম অমি, এনামুল হক বিজয়ের মত জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। বোলিংয়ের মত দলের ব্যাটিং ইউনিট নিয়েও রিয়াদ আশাবাদী।

তিনি জানান, “ব্যাটিংয়ে আমাদের এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলামের মত অভিজ্ঞরা আছে, আমি আছিই। আমরা অনেকদিন ধরে খেলছি, অভিজ্ঞতা তাই লাইনআপকে দৃঢ় করবে। আরিফুল হক, শুভাগত হোমরাও অনেকদিন ধরে খেলছে। সব মিলিয়ে আমি দল নিয়ে খুশি এবং একটি ভালো ফলাফল আনার ব্যাপারে আশাবাদী। জেমকন খুলনায় যোগ দিতে এবং কিছু ভালো ক্রিকেট প্রদর্শন করতে আমি মুখিয়ে আছি।”

একনজরে জেমকন খুলনা স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি। বিডিক্রিকটাইম