অপেক্ষাকৃত দূর্বল শক্তির বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।
হেনরিক মাখায়াটারিয়ান এবং গ্যাবোনিজ আন্তর্জাতিক স্ট্রাইকা পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের দুই গোলে ডর্টমুন্ড এই শিরোপা নিশ্চিত করে। পরাজয়ের পাশাপাশি বায়ার্নের জন্য আরো হতাশার কারন হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ মিডফিল্ডার জাভি মার্টিনেজের গুরুতর হাঁটুর ইনজুরি।
গত মৌসুমে কাপ ফাইনালে বায়ার্নের কাছে পরাজিত হবার পরে এবং একইসঙ্গে লিগে বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান লাভ করা বরুসিয়ান কোচ জার্গেন ক্লপের কাছে এটি ছিল অনেকটাই সান্তনার জয়। একইসাথে পুরো দলের জন্য স্বস্তির বিষয়।
গত দুইবারের প্রচেষ্টায় দু’বারই ব্যর্থ হবার পরে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার কাছে ম্যাচটি হয়ে পড়েছিল গুরুত্বহীন। তাইতো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই তিনি মূল একাদশ সাজিয়েছিলেন। এর মধ্যে কাল মাঠে ছিলেন না বিশ্বকাপ জয়ী জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান শোয়েইন্সটেইগার, ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন এবং ফ্রেঞ্চম্যান ফ্র্যাংক রিবেরি।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





