সাকিব আল হাসান তৃতীয় সন্তানের জন্ম হওয়ার আগে থেকে ছুটিতে রয়েছেন। পরিবারসহ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এক প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেরা প্রেসিডেন্ট হবো।

নিউজিল্যান্ড সিরিজে না থাকা এই ক্রিকেটার গতকাল (২০ মার্চ) শনিবার ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বলেন, “অবসরের পর ক্রিকেটে যদি থাকি, আর বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমি তা হবো। আমি জানি আমি বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হবো। এটা আমি ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে তা সম্ভব।”

এরপর আইপিএল খেলা নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। জাতীয় দল বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়ায় তখন শোনা যেতে থাকে, দীর্ঘ সংস্করণে খেলতে আগ্রহী নন তিনি। সাকিব কিন্তু লাইভে সেসব তথ্য উড়িয়ে দিয়েছেন, “এ বিষয়টা বার বারই আসছে। আসলে আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, সেটা কেউ পড়েইনি। ওই চিঠিতে আমি কোথাও বলিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি সেখানে এটা পরিষ্কার করে দিয়েছি, আমার আইপিএল খেলার কারণ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।”

এরপরেই তিনি দাবি করেন, “কিন্তু আকরাম ভাই সবাইকে বলে যাচ্ছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার মনে হয় তিনি আমার চিঠি পড়েননি। তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার চিঠিটা তারা পড়েননি।”

এমবি