১৯৯৯ সালে অভিষেকের পর লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে এবারই প্রথম দেখা যাবে না। চোটের কারণে নেই দ্বিতীয় বাছাই জভেরেভও।
সাম্প্রতিক নিষেধাজ্ঞা শীর্ষবাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে দর্শক বানিয়ে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে এবারের আসরে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ।
বিশ্ব টেনিস সংস্থা বিতর্কিত এ সিদ্ধান্তের পালটা হিসেবে জানিয়ে দিয়েছে, এবারের উইম্বলডনে থাকছে না র্যাংকিং পয়েন্ট। অর্থাৎ র্যাংকিংয়ে টুর্নামেন্টের পারফরম্যান্সের কোনো প্রভাব পড়বে না।
ড্রয়ের ভিন্ন অর্ধে পড়ায় পুরুষ এককের ফাইনালেই শুধু দুই মহাতারকা নাদাল ও জোকোভিচের দেখা হতে পারে।
অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ২২-এ নিয়ে গেছেন রাফায়েল নাদাল। তবে ঘাসের কোর্টের উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচই ফেভারিট।
করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ২০টি গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ ইউএস ওপেন এবার খেলা হবে না। ফলে এ বছর গ্র্যান্ড স্লাম জেতার এটাই তার শেষ সুযোগ।
ফেভারিট না হলেও নারী এককে আলোচনার কেন্দ্রে সেরেনা। চোট নিয়ে গত এক বছর কোর্টের বাইরে থাকায় র্যাংকিংয়ে ১২০৪ নম্বরে নেমে গেছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন কিংবদন্তি।
সেরেনা উইলিয়ামস এত পেছনে থেকে ফেরার টুর্নামেন্টে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারলে নতুন ইতিহাস গড়বেন।
তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা নাম্বার ওয়ান ইগা সিওনতেক। ফরাসি ওপেনজয়ী পোলিশ তারকা উইম্বলডনে নামছেন টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে।
এইচএন





