এবারের টি২০ বিশ্বকাপে ক্রিকেট তারকাদের পাশাপাশি বলিউড কিং অমিতাভ বচ্চনও বেশ আলোচনায় রয়েছেন। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে জাতীয় সঙ্গীত গেয়ে, বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে নিজ দেশের ধারাভাষ্যকরদের মনোভাব নিয়ে সমালোচনা করে অথবা বিরাট কোহলি প্রসঙ্গে ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের মন্তব্যের সমালোচনা করে মিডিয়ায় বেশ সরগরম আলোচনা তৈরি করেছেন অমিতাভ। এবার আরও একবার শিরোনামে এলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল বরাবরই অমিতাভ বচ্চনের বেশ ভক্ত। সোমবার সেই গেইলকে নিজ বাসায় দাওয়াত দিয়েছিলেন অমিতাভ। গেইলকে বেশ আপ্যায়ন করেছেন, এক গাঁদা উপহারও দিয়েছেন। তবে বন্ধুত্বের এই সুযোগটা কাজে লাগিয়ে ভারতের রূপালী পর্দার এই কিংবদন্তি হয়তো বা কৌশলে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানোর চেষ্টাও করেছেন! ঘটনার পুরোটা শুনলে সন্দেহবাতিক মানুষদের যে কারো মনে হতে পারে এমনটা। বিশেষত গেইল যখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনের প্রধান শক্তি, আর অমিতাভের দেশ ভারত সেমিফাইনালের লড়াইয়ে কিভাবে গেইল ঝড় থামানো যায় তা নিয়ে বর্তমানে দুশ্চিন্তায় রয়েছে।
গেইলকে নিজ বাসায় আপ্যায়ন করা ও উপহার দেওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যানের কাছ থেকে এবারের আসরে আরও একটি সেঞ্চুরি দেখার আশা প্রকাশ করেছেন অমিতাভ। তবে ম্যাচে গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ নয়, নিজ দেশ ভারত জিতবে বলেও আশা অমিতাভের। এখানেই শেষ নয়; গেইল তার বন্ধুত্ব ও আতিথিয়তার বিনিময় দিবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি!
গেইলের সঙ্গে সাক্ষাত শেষে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে অমিতাভ লিখেছেন, ‘জানতাম না যে সে (গেইল) আমার এতটা একনিষ্ঠ একজন ভক্ত। আশা করি, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তিনি এর প্রতিদান দিবেন।’
গেইলের কাছে অমিতাভ কি প্রতিদান চাইছেন এ নিয়ে অনেকর মনে প্রশ্ন দানা বেঁধেছে।
এদিকে গেইল অবশ্য টুইটারে লিখেছেন, ‘অমিতাভ বচ্চন কি অসাধারণ একজন কিংবদন্তি। আপনার আতিথিয়তার জন্য ধন্যবাদ। বইগুলোর (গেইলকে যেগুলো অমিতাভ উপগার হিসেবে দিয়েছেন) জন্যও ধন্যবাদ। বস (অমিতাভ), আমার কাছে একটি সেঞ্চুরি ও ভারতের জয় চেয়েছেন। তবে আমি কিন্তু সেঞ্চুরির চেয়ে জয়কেই বেছে নেব। মিস্টার বচ্চনের মতো একজন গ্রেট ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।’
এতখানি পড়ে নিশ্চয় বুঝতে পারছেন গেইল আর অমিতাভের এই সাক্ষাত কেবলই বন্ধুত্ব আর পারস্পারিক শ্রদ্ধা-ভালবাসার কারণেই। সেখানে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ গড়া-পেটার কোনো উদ্দেশ্য নেই। তবে ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে গেইল যদি ব্যাট হাতে ভালো করতে না পারেন আর ম্যাচটা ভারত জিতে যায়; তাহলে অমিতাভ-গেইলের এই সাক্ষাত নিয়ে বিতর্কের ঢেউ উঠলেও কিন্তু উঠতে পারে।
এআইজে





