আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই দুই টেস্ট খেলতে টাইগাররা শ্রীলঙ্কা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই। খবর বিডিক্রিকটাইম’র।
সাম্প্রতিক সময়ে টেস্ট দলের ভাবনায় ছিলেন না রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে দুই টেস্টে দলের দৃষ্টিকটু ব্যর্থতার পর রিয়াদকে নিয়ে আবারো ভেবেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান না থাকায় শ্রীলঙ্কা সফর দিয়েই হয়ত টেস্ট দলে ফেরা হত টি-টোয়েন্টি অধিনায়কের।
তবে এবারও রিয়াদকে ছাড়াই লড়তে হবে টেস্ট দলকে। শ্রীলঙ্কা সফরের আগে রিয়াদকে মাঠের বাইরে রাখছে চোট। সাইড স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে পারেননি। শোচনীয় পরাজয়ের সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।
সেই চোট এখনো ভোগাচ্ছে রিয়াদকে। তাই নির্বাচকরা রিয়াদকে ছাড়াই টেস্ট দল গোছানোর পরিকল্পনা করছেন। যদিও ফিট থাকলে এবার টেস্ট দলে প্রায় নিশ্চিত ছিল রিয়াদের স্থান। চোটগ্রস্ত রিয়াদকে নিয়ে বিগত কয়েকদিন ধরে বেশ আলোচনাও হচ্ছে নির্বাচক প্যানেলে।
রিয়াদের চোট সারতে এখনো লাগবে প্রায় ১০ দিন, মাঠে ফিরতে নিদেনপক্ষে দুই সপ্তাহ। তখন খেলার মত ফিটনেস থাকবে কি না তা বড় এক প্রশ্ন বটে। শ্রীলঙ্কা সফরের জন্য দল দেশ ছাড়বে ১২ এপ্রিল। ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রেখে কোনো খেলোয়াড়কে সফরে নেওয়া করোনাকালে একটু ঝুঁকিপূর্ণ।
বিশেষ সুত্র জানায়, “রিয়াদের ইনজুরির যে অবস্থা তা সাড়তে এখনো ১০ দিন লাগবে। এরপরে সে কতটুকু খেলার অবস্থায় থাকবে সেটাও পর্যবেক্ষণের ব্যাপার আছে। আবার ১২ তারিখে দলও চলে যাবার কথা। তাই শ্রীলংকার সাথে আসন্ন দুই টেস্টের দলে রিয়াদকে বিবেচনায় আনাটা কঠিন।”
বাংলাদেশ দলের হয়ে ৪৯টি টেস্ট খেলেছেন রিয়াদ, ৩১.৭৭ গড়ে আছে ২৭৬৪ রান। শিকার করেছেন ৪৩টি উইকেটও। এক বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
এমবি





