চলতি সিরিজে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম। এতে শুধু জিম্বাবুয়ের ব্যাটিং লাইনকেই ভেঙে দেননি, ভেঙ্গে দিয়েছেন সতীর্থ সাকিব আল হাসানের রেকর্ডও। সাকিবের রেকর্ড ভেঙে টেস্টে এক ইনিংসে বাংলাদেশী সর্বোচ্চ উইকেট শিকারী এখন এই স্পিনার।

সোমবার টেস্টের তৃতীয় দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোলিং জাদু দেখালেন তাইজুল। জিম্বাবুয়েকে মাত্র ১১৪ রানে আটকে দিতে বড় অবদান রেখেছেন তিনি। ১৬.৫ ওভার বল করে ৩৯ রান দিয়ে সাতটি মেডেনসহ আটটি উইকেট নিয়েছেন। এতে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

ওপেনার ভুজি সিবান্দাকে দিয়ে শুরু করে শেষ উইকেট কামুনগুজিকে দিয়ে উইকেট শিকারে ইতি টানেন। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা ও জন নাইমবুকে বিদায় করে দেন শাহাদাৎ হোসাইন ও সাকিব আল হাসান। এছাড়া অপরাজিত ব্রেন্ডন টেইলর ছাড়া বাকি সবাইকে সাজঘরে পাঠান তাইজুল।

এর আগে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২৫.৫ ওভারে ৩৭ রানে সাত উইকেট নিয়ে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। আর এনামুল হক জুনিয়র ঢাকায় ৯৫ রানে সাত উইকেট নেন ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রায় ছয় বছর পর বিশ্বসেরা সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বাংলাদেশ ক্রিকেটে সেরা বোলারের তালিকায় উঠে এলেন ২২ বছর বয়সী তরুণ ডানহাতি স্পিনার তাইজুল ইসলাম।

জেডআই