শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিজেদের প্রথম ইনিংসে ২৯৮ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কঠিন বিপর্যয়ে পড়ে সফরকারী শ্রীলঙ্কা। তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে।

শুক্রবার ফলোঅনে পড়া শ্রীলঙ্কা আলোক স্বল্পতায় দ্বিতীয় ইনিংসে মাত্র ২ বল খেলে ১ রান করেছে। ফলে সবমিলিয়ে স্বাগতিকদের চেয়ে এখনও ২০৬ রানে পিছিয়ে রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

হেডিংলিতে লঙ্কানদের ইনিংসে ধস নামিয়েছেন দুই ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আর ২১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ব্রড। দুজনে মিলে পকেটে পুরেছেন ৯ উইকেট। বাকি উইকেটটি পান বেন স্টোকস।

শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩৬.৪ ওভার খেলতে পেরেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলেন ম্যাথুস। এছাড়া লাহিরু থিরিমান্নে ২২, দিনেশ চান্দিমাল ১৫, কুশল সিলভা ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে জনি ব্যায়ারস্টোর সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২৯৮ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ১৪০ রানের সর্বোচ্চ ইনিংস আসে ব্যায়ারস্টোরের ব্যাট থেকে। তা ছাড়া ৮৬ রান করেন অ্যালেক্স হেলস।

এমই