পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ লীগ পিএসএলে (পাকিস্তান সুপার লীগ) তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। এটা পুরনো খবর।

নতুন খবর হচ্ছে, পাকিস্তানে দেশী-বিদেশী ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ঠাঁই মিলেছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মোট ৩০৮ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে পিএসএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কর্তৃক বেছে নেয়ার জন্য। আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লীগ।

৩০৮ জন ক্রিকেটারকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং। আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে প্লেয়ার বাই চয়েজ।

সরাসরি নিলাম নয়, বিপিএলের আদলে অনুষ্ঠিত হবে প্লেয়ার বাই চয়েজ। একটি ফ্র্যাঞ্চাইজি চাইলে ২০ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। তবে বিদেশী চারজন ক্রিকেটারকে ম্যাচে খেলাতেই হবে।

প্লাটিনাম ক্যাটাগরিতে ঠাঁই দেয়া হয়েছে ২৯ জন ক্রিকেটারকে। যাদের মূল্য ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার ডলারের মধ্যে। বাংলাদেশী মুদ্রায় কোটি টাকারও বেশি।

ডায়মন্ড ক্যাটাগরিতে না থাকলেও ‘গোল্ড’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এই ক্যাটাগরিতে রয়েছেন মোট ৫৯ ক্রিকেটার। গোল্ড ক্যাটাগরির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলার করে।

সিলভার ক্যাটাগরিতে রয়েছেন ১২২ ক্রিকেটার। মূল্য ২৮ হাজার ডলার করে। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পিএসএল গভর্নিং কাউন্সিল শনিবার এক বিবৃতিতে জানায়, ক্রিকেটারদের যে পারিশ্রমিক তারা নির্ধারণ করেছেন, সেটি ফ্র্যাঞ্চাইজিদেরই দিতে হবে।

এআই