ডুমিনির হাফ-সেঞ্চুরির উপর ভর করে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য বেধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ম্যাচটি ৪০ ওভারে নির্ধারিত করা হয়। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির নিয়মে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের তোপের মুখ পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডি কককে (৭) বোল্ড করে দেন এই তরুণ পেসার।
অষ্টম ওভারের প্রথম বলেই আঘাত হানেন সাকিব। তার বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিস। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ৬ রান করেন তিনি।
১২তম ওভারে সাকিবের বলে আমলা ক্যাচ তুলে দিলেও সেটি হাতে আটকে রাখতে পারেননি সাব্বির। তবে ১৪তম ওভারে সাকিবের বলেই মুশফিকের তালুবন্দী হন আমলা।
১৬তম ওভারের প্রথম বলে রিলি রুশোকে বিদায় করে দেন মাহমুদুল্লাহ। মুশফিকের হাতে ক্যাচ হওয়ার আগে ২৭ বলে ১৭ রান করেন রুশো।
বৃষ্টির পর উইকেট শিকার শুরু করেন মাশরাফি। প্রোটিয়াদের হাল ধরা ডেভিড মিলারকে ৩০তম ওভারে বিদায় করে দেন স্বাগতিক অধিনায়ক। সাব্বিরের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৫১ বলে ৪৪ রান করেন মিলার।
তবে ডুমিনি দলের হাল ধরে রাখেন। শেষ বলে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ৭০ বলে তিনটি চারে ৫১ রান করেন তিনি।
বাংলাদেশের বোলার সাকিব আল হাসান তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান মুস্তাফিজ ও রুবেল হোসাইন।
জেডআই





