পাকিস্তানের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন ব্যাটসম্যান আযহার আলী। বর্তমান অধিনায়ক মিজবাহ উল হকের অবসরের পর তার কাছে দলের নেতৃত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহারিয়ার খান।
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হারুন রশীদকে প্রধান নির্বাচক করে চার সদস্যের নির্বাচন কমিটি গঠন করতে যাচ্ছে পিসিবি। বিশ্বকাপের সময় ক্যাসিনোতে যাওয়া প্রধান নির্বাচককে দেশে ফেরত আনা হয়েছিল। তার জায়গা এখন হারুনকে দায়িত্ব দেয়া হচ্ছে।
আগামী সোমবার তাদের পরিবর্তনের বিষয় পিসিবি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
ক্রিকেটার আযহার আলী ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সর্বশেষ ওয়ানডে দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৩ সালের জানুয়ারিতে। তবে ৩০ বছর বয়সী এই তারকা টেস্ট একাদশে নিয়মিত জায়গা ধরে রেখেছেন।
এদিকে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হচ্ছে। টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দিচ্ছেন শহীদ আফ্রিদি।
২০১৫ বিশ্বকাপ দলে না থাকলেও আযহারকে এই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এর আগে ২০১০ সালে অভিষেক বছরেই অধিনায়ক হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞতার বিচারে মিজবাহকে অধিনায়কের দায়িত্ব দেন তখনকার পিসিবি চেয়ারম্যান আইজাজ বাট।
এবার অধিনায়ক মিজবাহ ও কোচ ওয়াকার ইউনিস উভয়ই আযহারকে ওয়ানডে দলের দায়িত্ব দেয়ার পক্ষে মত দিয়েছেন। দলের খেলোয়াড় ও বোর্ডের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
অধিনায়ক হিসেবে আযহারের সাফল্য কম নয়। পাকিস্তানের বিভিন্ন লেভেলের খেলায় ৩৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ১৬টিতে জিতেছে তার দল।
জেডআই





