বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২ টা ০৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসে পৌঁছায়।

সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফর করেছিল ব্ল্যাকক্যাপসরা।

ঢাকার বিমানবন্দরে কাজ সেরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। আগামী তিন দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা। কোয়ারেন্টিন শেষে নেমে পড়বেন প্রস্তুতিতে।

দুই দফায় করোনা পরীক্ষা করানো হবে তাদের। এরপর ২৭ আগস্ট থেকে মিলবে অনুশীলনের সুযোগ।

মূল দল ঢাকায় আসার চার দিন আগে দুই কিউই ক্রিকেটার ঢাকায় এসেছেন। তাঁরা হলেন- অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন। ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকা এসেছেন দুই নিউজিল্যান্ড তারকা। আজ ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড স্কোয়াডের ১৩ জন।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।

এমবি