দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের ৬ সদস্য। মঙ্গলবার সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টেস্ট দলের ৬ সদস্য অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী ও অফ স্পিনার নাঈম হাসান।
দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেললেও সফল মিশন শেষ করে স্বস্তিতে দেশে ফেরা নিয়ে কথা বলেন বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
“ওখানকার কন্ডিশনে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সব সময়েই মনে করেছি যে আমরা ওদের চেয়ে ভালো দল। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। রিয়াদ ভাই, তাসকিন, মুমিনুল ভাই সবাই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছিলেন।”
ক্যারিয়ারে প্রথমবার শতরানের ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত সাদমান। বলেছেন, নিজের সেরাটা দিতে পেরেছেন বলেই এসেছে সাফল্য।
“সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম ১০০। ওইরকম প্রস্তুতি নিচ্ছিলাম। আশায় ছিলাম যে, একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি তাই একটা ভালো ফলাফল এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।”
তবে সবকিছু ছাপিয়ে এই সফরের আলোচিত বিষয় মাহমুদউল্লাহ রিয়াদের হঠাত অবসরের সিদ্ধান্ত। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে টেস্টের দ্বিতীয় দিনে সতীর্থদের জানান, হারারে টেস্টই তার শেষ টেস্ট।
এমনটা শোনার পর গোটা দলের ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের শেষটায় জয় উপহার দিতে।
“উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন তাই ওনার কারণে সবাই একটু মন খারাপ করেছিলাম। ম্যাচের একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না। এটা বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।”
এবিএস





