কোপা আমেরিকায় পাওয়া চার ম্যাচ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিল তারকা নেইমার। তবে শাস্তি কমিয়ে দলীয় অধিনায়ক পেতে কোর্ট অব অরবিটেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

তাদের আর্জি ছিল কোপার শাস্তি যেন পরবর্তী কোপা আমেরিকা আসরের জন্যই নির্দিষ্ট থাকে। কিন্তু শুক্রবার তাদের সেই আপিল খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ৮অক্টোবর মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে চার ম্যাচের নিষেধাজ্ঞার অংশ হিসেবে ব্রাজিলের গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দর্শক হিসেবে খেলা দেখতে হয়েছে ব্রাজিল অধিনায়ককে।

তবে বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বলে আগামী দুটি ম্যাচে নেইমারকে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরনাপন্ন হয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তাব্যক্তিরা।

চলতি বছর চিলিতে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার গ্রুপপর্বে কলম্বিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করেন নেইমার।

এর জন্য বার্সেলোনা তারকাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার দুটি ম্যাচ এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন নেইমার।

এমআর