বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের পদত্যাগ ঘোষণার পর ব্রাজিলের সাবেক অধিনায়ক জিকো জানিয়েছেন যে ফিফা প্রেসিডেন্ট পদে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি।
বুধবার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জিকো বলেছেন, ‘আগামী ফিফা নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আগ্রহী। আমি বিশ্বাস করি, এই পদের জন্য আমি যোগ্য। অবশ্যই যেকোন খেলায় পরিবর্তন জরুরি।’
গত সপ্তাহে ফিফা সভাপতি পদ থেকে সেপ ব্লাটারের আকস্মিক পদত্যাগে এখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই পদটির পরবর্তী কর্ণধার কে হবেন তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ নিয়ে ঘুষ লেনদেন ও দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ফিফায় তদন্ত শুরু করেছে। তারই জের ধরে বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা আটকের পরে পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হবার চারদিনের মধ্যে ব্লাটার তার পদ থেকে সড়ে দাঁড়ান।
এদিকে ফিফা নিশ্চিত করেছে, আগামী মাসে কার্যনির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে। ফিফার অন্তর্ভুক্ত ২০৯টি দেশের প্রতিনিধিরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই নির্বাচনে ইউয়েফা সভাপতি ও ফ্রান্সের সাবেক অধিনায়ক মিশেল প্লাতিনি বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। নির্বাচনে প্রার্থীতা চূড়ান্ত করতে হলে কমপক্ষে পাঁচটি জাতীয় ফুটবল এসোসিয়েশনের সমর্থন লাগবে।
জেডআই





